এখন সাংবাদিকতা নিরেট পেশা হয়ে গেছে, সেই সঙ্গে বিশ্বায়নের কল্যাণে সাংবাদিক সম্প্রদায় স্বাচ্ছল্য-স্বাচ্ছন্দ্যের মুখ দেখছেন। আজ থেকে অর্ধশতাব্দী আগে সাংবাদিকতার সংজ্ঞা ছিল অন্যরকম: সাংবাদিকতা শুধু বৃত্তি নয়, তা ব্রত।
স্বাধীনতা-উত্তর পর্বে, অন্তত পশ্চিম বাঙলায় যাঁরা সংবাদপত্র ও সংবাদ-সংস্থার সঙ্গে জড়িত হয়ে পড়েছিলেন, তাঁদের অনেকেরই স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশ ছিল , অনেকেই প্রচুর লাঞ্ছনার অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, দীর্ঘ সময় কারান্তরালেও কাটিয়েছেন।
সাংবাদিকতা তাই তাঁদের কাছে দেশপ্রেমেরই অন্যতর প্রকাশ বলে বিবেচিত হত। এই গ্রন্থে লেখক তাঁর সাংবাদিকতা পর্বের প্রথম যুগের কথা বিভিন্ন কাহিনীর ছলে বিধৃত করেছেন। ঐ কালে বাঙালি সাংবাদিকদের একটি বড়ো অংশ বামপন্থার পথিক। অনেক সামাজিক-রাজনৈতিক পীড়ন-লাঞ্ছনা সত্ত্বেও তাঁরা তাঁদের বিশ্বাসের বৃত্ত থেকে সরে আসেননি।
পাঠককুল অচিন্ত্যবাবুর বিবরণে ভারতবর্ষের অনেক বিখ্যাত ব্যক্তির গল্প-গাছা শুনতে পাবেন, তাঁদের মহত্ত্ব ও দূর্বলতা, এমনকি ছেলেমানুষি পর্যন্ত। আবার বন্যা-ভূমিকম্প-দূর্ভিক্ষ-অনাবৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক দুঃসময়েও সাংবাদিকদের কীরকম সঙ্কটের মুখোমুখি হতে হয়, নিজেদের বিপন্ন করে কী করে আর্তি ও সাহায্য কিম্বা সাহায্যহীনতার খবর দেশের মানুষকে জানাতে হয় সাংবাদিকতার ন্যূনতম
কর্তব্য হিসাবে, সে-সবেরও অনেক কাহিনী ‘ সাংবাদিকতার যুগসন্ধিক্ষণে’-তে ছড়ানো আছে।
নতুন প্রজন্মের ছাত্রছাত্রী, সাংবাদিক ও সাধারণ পাঠক এই বই পড়ে উপকৃত হবেন।









Reviews
There are no reviews yet.