আন্দোলন-সংগ্রামের মধ্য থেকে উঠে আসা অভিজ্ঞতা, মতাদর্শগত চর্চা এবং মৌলিক পড়াশোনার সমন্বয়ের ফসল এই বই। বইটির প্রবন্ধগুলিতে ফ্যাসিবাদ, নয়া ফ্যাসিবাদের মতাদর্শগত, রাজনৈতিক এবং ঐতিহাসিক বিষয়ে আলোচনা করা হয়েছে।
আটটি প্রবন্ধ, যথাক্রমে ‘ ফ্যাসিবাদের উদ্ভব ও বিকাশ – ফিরে দেখা, সামনে দেখা’, ‘দানবের সাথে সংগ্রামে প্রেরণা রবীন্দ্রনাথ’, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের আট দশক’, ‘নয়া-ফ্যাসিবাদের পরিপ্রেক্ষিত’, ‘নয়া-উদারবাদের রাজনৈতিক ব্যবস্থা নয়া ফ্যাসিবাদ’, ‘আর এস এস ১০০: ফ্যাসিবাদ থেকে নয়া ফ্যাসিবাদে শতবর্ষের যাত্রা’, ‘জন্ম উত্তরসত্যে, যাত্রা নয়া-ফ্যাসিবাদের দিকে’ ও ‘সমাজতন্ত্রেই পুঁজি-শ্রমের দ্বন্দু মীমাংসার পথ উন্মুক্ত ’ এই বইয়ে আছে।
প্রবন্ধগুলি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত একটি সামগ্রিক উপস্থাপনা। বইয়ের বিষয়বস্তুতে আন্তর্জাতিক স্তরের ফ্যাসিবাদ, নয়া ফ্যাসিবাদের চর্চা করা হয়েছে। তেমনি ভারতেও মতাদর্শ এবং রাজনীতির ক্ষেত্রে ফ্যাসিবাদী প্রবণতা ও বৈশিষ্ট্যগুলি নির্দিষ্ট করার চেষ্টা হয়েছে। বইয়ের শেষ প্রবন্ধটি পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ কিংবা নয়া ফ্যাসিবাদের বিকল্প কেন সমাজতন্ত্র, তা ব্যাখ্যা করা হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পৃথিবীর এক বড়ো অংশ জুড়ে যখন ফ্যাসিবাদী আস্ফালন শুরু হয়েছে তখনই রবীন্দ্রনাথ ফ্যাসিবাদী দানবের বিরুদ্ধে সংগ্রামের জন্য পৃথিবীর দেশে দেশে মানুষের কাছে আহ্বান জানিয়েছিলেন। নাৎসি জার্মানির সঙ্গে সমাজতান্ত্রিক সোভিয়েতের জনগণ যখন মরণপণ সংগ্রাম চালাচ্ছেন, জীবনের শেষ প্রহরে পৌঁছে সমাজতন্ত্রের প্রতি তিনি দৃঢ় আস্থা ব্যক্ত করেছিলেন। দ্বিতীয় প্রবন্ধে এই প্রসঙ্গের অবতারণা করা হয়েছে।
আজকে দেশ-দুনিয়ার তীব্র প্রতিকূল পরিস্থিতিতেও খেটেখাওয়া সাধারণ মানুষের উন্নত ভবিষ্যতের জন্য সংগ্রাম চলছে। চলমান এই সংগ্রামে এই বই মতাদর্শগত ও রাজনৈতিক প্রচারের সহায়ক হবে।











Reviews
There are no reviews yet.